বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৬ মে ২০২৩

বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন হলো ‘গ্লোবাল একশন ডেইজ’। শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।

শনিবার (৬ মে) ঢাকায় শিশু একাডেমিতে হয় এ অনুষ্ঠান। এটি আয়োজন করে পরিবেশবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান দি ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের (ফি) বাংলাদেশে ন্যাশনাল অপারেটর ‘প্রভা অরোরা’।

অনুষ্ঠান উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। আর সভাপতিত্ব করেন প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল।

আরও পড়ুন: পরিবেশ দূষণ রোধে করণীয়

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী অধ্যাপক কাজী মদিনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের উপদেষ্টা স্থপতি সালমা এ শফি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, প্রভা অরোরার পরিচালনা পর্ষদের সদস্য ডালিয়া দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা. আফতাব উদ্দিন।

এসময় সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। ফলে বিশ্বের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও এই ‘গ্লোবাল একশন ডেইজ’ পালিত হচ্ছে।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা করতে পারলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। তাই আমরা জেনেশুনে পরিবেশের ক্ষতি করবো না।

আরও পড়ুন: পরিবেশ সংরক্ষণে বন ও বন্যপ্রাণী রক্ষা অপরিহার্য

পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের উন্নয়নের উদাহরণ তুলে ধরে সাবের হোসেন চৌধুরী বলেন, এসব উন্নয়নকে টেকসই করতে হবে। আর এটা করতে হলে অবশ্যই আমাদের পরিবেশ ঠিক করতে হবে।

পরিবেশের বিজয় হলেই বাংলাদেশের বিজয় হবে বলে উল্লেখ করেন সাবের হোসেন চৌধুরী।

অধ্যাপক কাজী মদিনা পাঁচটি ইতিবাচকের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বলেন, তোমরা প্রতিজ্ঞা করো আজকে থেকে এগুলোর চর্চা করবে। আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবে।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

আরও পড়ুন: পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা

এই পাঁচটি ইতিবাচককে ‘৫-আর’ বলা হয়। এগুলো হলো- পরিহার, হ্রাস, পুনর্ব্যবহার, পুনঃউপযোগীকরণ এবং নতুন বস্তুতে রূপান্তর।

লাকী ইনাম বলেন, আমাদের চারপাশে পাখির ডাক ও সবুজ কমে যাচ্ছে। ৫-আর চর্চার মধ্য দিয়ে আমরা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

সভাপতির বক্তব্যে বিধান চন্দ্র পাল বলেন, ‘গ্লোবাল অ্যাকশন ডেইজ’ পরিবেশগত শিক্ষাবিষয়ক একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন। যা প্রতি বছর বিশ্বব্যাপী আয়োজন করা হয়ে থাকে। এবছর দিবসটি পাঁচটি ইতিবাচক পদক্ষেপের ওপর ফোকাস করে পরিচালিত হচ্ছে। এগুলো হলো- পরিহার, হ্রাস, পুনর্ব্যবহার, পুনঃউপযোগীকরণ এবং নতুন বস্তুতে রূপান্তর। এগুলোর সবই দূষণ মোকাবিলায় অবদান রাখে।

আরও পড়ুন: আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী সবাইকে অংশগ্রহণের সার্টিফিকেট দেওয়া হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

প্রভা অরোরা জলবায়ু সংবেদনশীল যুব কেন্দ্রিক বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রাইজ। এটি ডেনমার্কভিত্তিক পরিবেশবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান দি ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের বাংলাদেশের ন্যাশনাল অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন হয়ে আসছে গ্লোবাল একশন ডেইজ। সাধারণত দিবসটি প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহে উদযাপন করা হয়।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।