রিজার্ভ চুরি : ফিলিপাইনে ৩য় দিনের শুনানি


প্রকাশিত: ০৬:২১ এএম, ২৯ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির তৃতীয় দিনের শুনানি চলছে। এই শুনানিতে উপস্থিত ছিলেন অন্যতম প্রধান সন্দেহভাজন ব্যবসায়ী কাম সিন অং। তিনি যিনি কিম অং নামেও পরিচিত। খবর বিবিসির।

ফিলিপাইন ডেইলি ইনকোয়ারার পত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে সিনেটের ব্লু রিবন কমিটির শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, রিজাল কমার্শিয়াল ব্যাংক (আরসিবিসি), এবং ফিলিপাইনের এমিউজমেন্ট এন্ড গেমিং কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ যে তিনটি বড় ক্যাসিনোতে চলে যায় বলে অভিযোগ রয়েছে, সেই সোলারি রিসোর্ট এন্ড ক্যাসিনো, সিটি অব ড্রিমস এবং মাইডাস এর কর্মকর্তারাও হাজির রয়েছেন এই শুনানিতে।

তবে সিনেট কমিটির সামনে আসার আগে থেকে গণমাধ্যমের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন কিম অং। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে আরসিবিসি`র জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এ শুনানিতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে ১৫ ও ১৭ই মার্চ সিনেট ব্লু -রিবন কমিটির শুনানি হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।