গৃহকর্মী জান্নাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৯ মার্চ ২০১৬

রাজধানীর আগারগাঁওয়ে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির বাসায় গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় সদ্য প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫` বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তারা গৃহশ্রমিক নির্যাতনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সরকারি আইন সহায়তা প্রদানসহ নির্যাতিত গৃহশ্রমিকদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান।

সমাবেশ উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ মার্চ কৃষ্ণকলি-খালিকুর রহমান দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয় ১৭ বছরের গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর লাশ। সুরতহাল প্রতিবেদন অনুসারে, জান্নাতের শরীরে আঘাতের চিহ্ন ও নখের আঁচড় ছিলো যা ধর্ষণ পরবর্তী হত্যার ইঙ্গিত দেয়।

জান্নাতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। দেড় মাস আগে কৃষ্ণকলি ইসলামের রাজধানীর আগারগাঁওয়ের তালতলার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে জান্নাত।

এএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।