আজ কবর থেকে তোলা হচ্ছে তনুর মরদেহ


প্রকাশিত: ০৩:১৬ এএম, ৩০ মার্চ ২০১৬

ডিএনএ পরীক্ষা, সুরতহাল প্রস্তুতসহ পুনঃময়নাতদন্তের জন্য বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার ধানাধীন মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উত্তোলন করা হবে। সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সিআডির একটি বিশেষজ্ঞ টিম পুলিশ সুপার কার্যালয় থেকে মির্জাপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।  

সকাল সাড়ে ১০টার মধ্যেই প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের উপস্থিতিতে তনুর মরদেহ উত্তোলনের পর সিআইডি কর্তৃক আলামত সংগ্রহ ও সুরতহাল তৈরি পূর্বক মরদেহের পুনঃময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে। কুমেক হাসপাতালে তনুর ময়নাতদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলম।

tano

এর আগে গত সোমবার লাশের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে আবেদন করার হলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট উচ্চ বালিকা বিদ্যালয়ের অদূরে পাওয়ার হাউজ এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করার ১০ দিন অতিবাহিত হলেও র্যাব, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা এ ঘটনার রহস্য বের করতে পারেনি। তনু হত্যার পর তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে গত ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

tano

প্রথমে মামলাটি তদন্ত করেন কোতোয়ালি মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি গত ২৫ মার্চ রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ঘটনার রহস্য উন্মোচনের জন্য ১০ দিনের মাথায় বুধবার সন্ধ্যার মধ্যে মামলাটি সিআইডির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।

tano

এদিকে মির্জাপুরের গ্রামে মরদেহ উত্তোলনের খবর পেয়ে আশপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও এলাকার লোকজন সমবেত হচ্ছে বলে জানা গেছে। লাশ উত্তোলনের সংবাদ সংগ্রহে এরই মধ্যে ঢাকা ও কুমিল্লা শহর থেকে প্রায় ৫০ কিমি. উত্তরে মির্জাপুর গ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশনের সাংবাদিকরা।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।