সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ফখরুলের


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩০ মার্চ ২০১৬

পূর্ণাঙ্গ মহাসচিব হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে দেখা করতে গিয়ে এ অঙ্গীকার করেন ফখরুল।

সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এসময় নবমনোনীত সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। দুজনেই ফুল দিয়ে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রায় আধাঘণ্টা ফখরুল ও রিজভী খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। বের হয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন মূল চ্যালেঞ্জ।


পরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আরো বেশ কিছু নেতাকর্মী তাদের নতুন নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে কার্যালয়ের সামনে অবস্থান করেন।

তবে কোষাধ্যক্ষ পদে যিনি পুননির্বাচিত হয়েছেন সেই মিজানুর রহমান সিনহাকে দেখা যায়নি।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।