নিউইয়র্কে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ৩১ মার্চ ২০১৬

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে গত ২৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় কনস্যুলেট মিলনায়তনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল শামীম আহসান তার স্বাগত বক্তৃতায় মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

new-yourk

এছাড়া জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, প্রভাবশালী কংগ্রেসউইমেন ক্যারোলিন বি মেলোনি (Carolyn B. Maloney, New York-D), কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ (Melinda Katz)সহ আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল এবং কূটনীতিক, নিউইয়র্ক ও অন্যান্য স্টেটের প্রতিনিধি, কংগ্রেশনাল স্টাফ, থিংক-ট্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ কম্যুনিটি সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]