ফাইনালে আগ্রহ নেই ভারতীয়দের
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আর মাত্র কদিন বাকি। রোববার ক্রিকেটের সংক্ষিপ্ততম এ সংস্করণের ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। কিন্তু ম্যাচের আগের দিনও ফাইনালে নিয়ে কোন আগ্রহ নেই ভারতীয়দের। ফাইনালে ভারত উঠতে না পারায় এবং একই সময়ে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে হতাহতের কারণে বদলে গেছে সেখানকার পরিবেশ।
সেমিফাইনালে বিরাট কোহলির ঝড়ো ৮৯ রানে ১৯২ রানের বিশাল লক্ষ্য দিয়েও হেরে যায় ভারত। লেন্ডল সিমন্স ও আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে যায় ভারতীয়দের স্বপ্ন। সাত উইকেটের বড় ব্যবধানে হার মানতে বাধ্য হয় তারা। এরপর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে কোন আগ্রহ দেখা যাচ্ছে না ভারতীয়দের মাঝে।
সেমিফাইনালে পরাজয়ের সঙ্গে যুক্ত হয়েছে ফ্লাইওভার ধসের ঘটনা। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় শতাধিক লোক আহত হয়েছে। যদিও এখনও শেষ হয়নি উদ্ধার তৎপরতা। দুর্ঘটনার পর লোকজন ফাইনাল ম্যাচটির আগ্রহ আরও হারিয়ে ফেলেছে। চারদিকে এখন শুধু একটি আলোচনা; ফ্লাইওভার কিভাবে ধ্বসে পড়লো, কেন পড়লো, কত মানুষ এখনো চাপা পড়ে থাকতে পারে।
১৯৮৭ সালের পর আবার ইডেন গার্ডেনসে কোন বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তাই এ ম্যাচটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মাঝে ১৯৯৬ সালে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইডেনে। তবে সে ম্যাচ শেষ পর্যন্ত শেষ করা যায়নি এই মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত যখন হারছিল দর্শকরা মাঠে বোতল ছুড়তে শুরু করে। ফলে খেলার মাঝপথে দর্শকদের আচরণের কারণে পরিত্যক্ত ঘোষণা করে শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়।
আরটি/এআরএস/এবিএস