জামাই শ্বশুরের সব প্রশ্নের উত্তর নেই
প্রবীন অভিনেতা আবুল হায়াতের কনিষ্ঠ কন্যা নাতাশা হায়াতের স্বামী অভিনেতা শাহেদ শরীফ। একত্রে তারা একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু নাটকে। তবে এবারই প্রথম মেয়ের জামাই শাহেদের চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি নাটকে কাজ করলেন তার শ্বশুর আবুল হায়াত।
শাহেদ শরীফের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটির নাম ‘সব প্রশ্নের উত্তর নেই’। এ প্রসঙ্গে নাট্যকার ও অভিনেতা শাহেদ বলেন, ‘গল্পটা বাবা এবং তার মেয়েকে নিয়ে। গল্পে দেখা যাবে, বাবা একদিন একটি গল্প বলতে থাকেন মেয়েকে। সেটি একটি স্কুল নিয়ে। স্কুলটিকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালান একজন শিক্ষক। কিন্তু গ্রামের মোড়ল সেটাকে বানচাল করাতে উঠেপড়ে লাগে। এভাবে এগিয়ে যায় কাহিনি।’
তিনি জানালেন, এরমধ্যেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও তার পার্শ্বপর্তী ৩০০ ফুট সড়কে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ।
‘সব প্রশ্নের উত্তর নেই’ নাটকটিতে আরো অভিনয় করেছেন ভিট মডেল মিথিলা, আহসানুল হক মিনু, টুটুল চৌধুরী, অনন্যা আনাসহ আরো অনেকে।
নাটকটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে। খুব শিগগির এটি প্রচারে আসবে।
এনই/এলএ/এবিএস