নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতির আহ্বান আজারবাইজানের


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৩ এপ্রিল ২০১৬

বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই দেশের ভয়াবহ সংঘর্ষে ৩০ সেনা নিহতের পর আর্মেনিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সহিংসতা বন্ধে আন্তর্জাতিক আহ্বানের জবাবে আজারবাইজান কাজ শুরু করেছে।

ককেশাসের এই বিতর্কিত অঞ্চল নিয়ে দুই দেশের সংঘর্ষে রোববার পর্যন্ত অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। এছাড়া আরো অনেক বেসামরিক নাগরিক আহত হয়েছে।

নাগারনো-কারাবাখের সংঘর্ষ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া একে অপরকে দোষারোপ করছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালে এক যুদ্ধের পর থেকে জাতিগত আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে নাগারনো-কারাবাখের নিয়ন্ত্রণ রয়েছে।  

মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আজারবাইজান সদিচ্ছা দেখাচ্ছে; দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে আগ্রহী। তবে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি তাদের দেশের সেনা আবারো আক্রান্ত হয় তাহলে পুনরায় হামলা শুরু করবে আজারবাইজান।

এদিকে, আর্মেনিয়া এক প্রতিবেদনে বলছে, রোববারের সংঘর্ষে দুই কারাবাখ সৈন্য আহত হয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সংঘর্ষে বন্ধে তিনি আজারবাইজানকে সমর্থন দিচ্ছেন। বাকুর সঙ্গে তুরস্কের ভাল সম্পর্ক থাকলেও, আর্মেনিয়ার সঙ্গে নেই। কেননা অটোম্যান শাসনামলে বিতর্কিত এই অঞ্চলে ব্যাপক গণহত্যা চালানো হয়। আর্মেনিয়া এটাকে গণহত্যা বললেও তুরস্ক এটি অস্বীকার করে আসছে।

শনিবার আর্মেনিয়া ও আজারবাইজান বলছে, সংঘর্ষে ১৮ আর্মেনীয় বংশোদ্ভূত সেনা ও আজারবাইজানের ১২ সেনা নিহত হয়েছেন। তবে কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী সংঘর্ষে ১২ বছরের এক শিশু নিহত ও আরো দুই শিশু আহত হয়েছেন বলে জানিয়েছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।