নাজমীন মর্তুজার কবিতা
অন্নপূর্ণার আহ্বান
জীবনের সব যুদ্ধ পার হয়ে যখন ফিরবে
আমি দাওয়ায় পিঁড়িতে বসে তোমাকে খাওয়াবো
কসম সে দিন অন্নপূর্ণা হবোই হবো।
তোমার উদর আর জৈবিক ক্ষুধার
অন্ন ও উপাদান দুটোই হবো,
যদি যুদ্ধজীবন পার করে আসতে পার।
যেদিন সব যুদ্ধ পার করে আসবে
আমি তোমার বুকে সর্ষে ঘানির মত ভেঙে পড়বো
লালায়-ঘামে তোমার রসনায় ইলিশ চচ্চরির মত
বিছানা পেতে ঘুম পাড়াবো
সূর্য গরম তাপ দিয়ে।
ফিরে এসো
তোমার প্রিয় আনাজ দিয়ে সেবা নেবো এক বাসনে
ভালোবাসার লোকমা তুলবো একের পর এক
ভাত আর ভর্তায়।
এইচআর/পিআর