প্রধানমন্ত্রীর গুড বুকে পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড বুকে রয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাড়িয়ে দেয়া হয়েছে তার স্বাক্ষর ক্ষমতা।

আগের সব পরিকল্পনামন্ত্রীর সর্বোচ্চ ২৫ কোটি টাকার প্রকল্প নিজ ক্ষমতা বলে অনুমোদন দেয়ার ক্ষমতা ছিল। তবে মুস্তফা কামাল পারবেন ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তার এই ক্ষমতা বাড়ানো হয়েছে। সূত্রে জানা গেছে, পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা বাড়ানোর প্রস্তাব ও অনুমোদন প্রধানমন্ত্রী নিজেই করেছেন।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার নানা বিষয়ে উন্নতি করছে। সেই ধারাবাহিকতায় প্রকল্পের সংখ্যাও বাড়ছে। বর্তমানে ১ হাজার ২১৫টি প্রকল্প চলমান আছে। সামনে আরো প্রকল্প বাড়বে। এতে করে সব প্রকল্প যদি একনেক সভায় উপস্থাপন করা হয় তবে তা বোঝা হয়ে দাঁড়াবে। তাই আগে ২৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দিতে পারতাম এখন ৫০ কোটি টাকা ব্যয়ের প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিতে পারবো

আগে ২৫ কোটি টাকার বেশি কোনো প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হতো। এছাড়া আগে ৭ কোটি টাকা ব্যয়ের কারিগরি কোনো প্রকল্পের অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী। এখন থেকে তিনি ১০ কোটি টাকা ব্যয়ের কারিগরি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিতে পারবেন।

এসএ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।