সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

সিলেট মহানগরীর শাহপরান সেতুর বাইপাস সড়কে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সালমা বেগম (৭০), তার ছেলে হারুনুর রশীদ (৪৫) এবং তাদের এক আত্মীয় সায়রা খাতুন (২৮)। সিলেট নগরের উপকণ্ঠ মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে শাহপরান বাইপাস সড়কের বিকেএসপির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সালমা বেগম ও হারুনুর রশীদ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।