ঢাকা-১৬ আসন

ভোটারদের মধ্যে ‘উপহার’ বিতরণের অভিযোগ আমিনুলের, জনসংযোগে ব্যস্ত বাতেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক ও জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তিনি ও তার সমর্থকেরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

আমিনুল হক বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন সচেতন, তারা প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

jagonews24.comরূপনগর এলাকায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন/ছবি: সংগৃহীত

এদিকে, ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন সকাল থেকে দুপুর পর্যন্ত রূপনগর এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি পরিবর্তন হবে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের শেষ দিন হবে ভোটের দিন।

ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের বিষয়ে বিএনপি প্রার্থীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। তার ভাষায়, ভোটের মাঠে যখন দুর্বল হয়ে পড়ে, তখনই কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোকে হাতিয়ার বানায়।

এসএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।