ঢাকা-৬ আসন
ভোট দিয়ে জয়ের আশাবাদ জানালেন জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নান
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান ভোট প্রদান শেষে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। সেখানে নির্ধারিত বুথে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে ড. আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, তিনি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী।
একইসঙ্গে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।
এই আসনে এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. আক্তার হোসেন হারিকেন প্রতীকে, গণফ্রন্টের প্রার্থী আহমেদ আলী শেখ মাছ প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইউনুস আলী আকন্দ ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এমডিএএ/এসএইচএস