শেষ মুহূর্তে নারীদের মিছিলের মাধ্যমে চমক দেখাচ্ছে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নারী নেত্রী ও সমর্থকদের মিছিল। ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে দেশব্যাপী মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। নির্বাচনি প্রচার ও গণসংযোগের অংশ হিসেবে এসব মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় নারীদের মিছিলের মাধ্যমে চমক দেখাচ্ছে ১১ দলীয় জোট।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের সমর্থনে নারীদের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-১০, ঢাকা-১৭, আসনসহ নোয়াখালী শহর, নীলফামারী ও বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের অংশগ্রহণে বড় বড় মিছিল বের করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া নারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নির্বাচনি বার্তা তুলে ধরেন।

জামায়াতে ইসলামী প্রচার বিভাগ জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে মহিলা বিভাগ রুকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশসহ নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অধিকাংশ মিছিল নির্বাচনি প্রচার ও গণসংযোগের আওতায় হলেও কিছু মিছিল সারাদেশে নারীদের ওপর প্রচারণাকালে হামলা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাফী।

জাগো নিউজকে তিনি বলেন, সারাদেশে আমাদের প্রায় ৪৪ হাজার রুকন (সদস্য) রয়েছে। এছাড়া মহিলা জামায়াতের কর্মী রয়েছে ৫ লাখেরও বেশি। তারা সাংগঠনিক কাজ হিসেবে নির্বাচনে দাঁড়িপাল্লার প্রচারণা ও ১১ দলীয় জোটের প্রচারণার কাজ করেন।

তিনি বলেন, প্রতিপক্ষরা সারাদেশে আমাদের নারীদের ওপর কাপুরুষের মতো হামলা হয়েছে। সারাদেশের অর্ধেক ভোটার ব্যালটের মাধ্যমে এ হামলার জবাব দেবে।

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুন্নেসা সিদ্দিকা জাগো নিউজকে বলেন, নারীরা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে অনীহা রয়েছে। সেটা দূর করতে কাজ করেছে আমাদের মহিলা বিভাগ। ভোটার তালিকার অন্তর্ভুক্ত যদি কেউ না থাকে তাকে তালিকার অন্তর্ভুক্ত হতে বলেছি।

তিনি বলেন, আমাদের ওপর সারাদেশে নানা হামলা হয়েছে। সারাদেশে আমাদের কর্মীদের ওপর অমানবিকভাবে হয়রানি করেছে প্রতিপক্ষ। নির্বাচনের দিন নারীরা যেন স্বাধীন এবং নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে সে দাবি আমি বার বার জানিয়েছি। ভোটকেন্দ্রের নিরাপদ পরিবেশের ওপর ডিফেন্ড করবে নারীদের উপস্থিতি।

আরএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।