পজ মেশিনে ভোটারের তথ্য, নেই কাগজ ঘাটার ঝামেলা

আসিফ আজিজ
আসিফ আজিজ আসিফ আজিজ , অতিরিক্ত বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
পজ মেশিনের মাধ্যমে ডিজিটাল ভোটার তথ্যসেবা দিয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মীরা, ছবি: জাগো নিউজ

ভোটকেন্দ্রে গিয়ে ভোটার নম্বর, সিরিয়াল ও কেন্দ্র খোঁজা বড় ঝক্কি। সে ঝক্কি থেকে মুক্তি দিয়েছে পজ মেশিনে ডিজিটাল ভোটার তথ্য। ভোটার আইডি নম্বর দিলেই বেরিয়ে আসছে তথ্য।

ঢাকা-১৭ আসনের পাঁচটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা এভাবে তথ্য পেয়ে খুশি। বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রের বাইরে টেবিলে বুথ করা হয়েছে।

বিএনপির বুথে দায়িত্বপালনকারী ইসমাইল জাগো নিউজকে বলেন, ‘দেখেন পাশে কাগজের বিশাল বান্ডিল পড়ে আছে। অন্য বার আমাদের খোঁজা লাগতো। অনেক সময় ব্যয় হতো। এবার আইডি কার্ড দিলে আমরা তথ্য বের করে দিচ্ছি।’

তিনি বলেন, ‘সকাল থেকে ৬-৭শ ভোটারকে আমরা এভাবে তথ্য দিয়েছি। ভোটাররা খুশি এ সেবা পেয়ে। তারা ছাপা কাগজের মতো তথ্য পেয়ে যাচ্ছেন।’

পাশে জামায়াতের বুথে দায়িত্ব পালনকারী রওনক বলেন, ‘জন্মতারিখ দিলেও কেন্দ্র, নাম, কত তলা, কত বুথ, ভোটার নম্বর, সিরিয়াল নম্বরসহ সব তথ্যই আমরা একেবারে দিয়ে দিচ্ছি। শুধু এ আসনের ভোটার না, অন্য আসন থেকেও অনেকে এসে তথ্য নিয়ে যাচ্ছেন।’

কোনো ঝামেলা হচ্ছে কি না জানতে চাইলে বলেন, ‘অনেকের তথ্যে সামান্য গরমিল দেখা দিচ্ছে। তবে সেটা কম। কেন্দ্রে গেলে মিলিয়ে নিতে পারবে। অনেকে দেখা যাচ্ছে এ আসনের ভোটার না কিংবা এ কেন্দ্রে তার ভোট না। আমরা তাদের কেন্দ্র চিনিয়ে দিচ্ছি। ভোটাররা এ সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

বুথে উপস্থিত একজন ভোটার বলেন, ‘এখানে এসে জানলাম এ সেবার কথা। আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আগে তো ম্যানুয়ালি কাগজ ঘেঁটে বের করতে হতো, এখন মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাচ্ছে।’

ঢাকা-১৭ আসনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের ডা. এসএম খালিদুজ্জামান।

এএসএ/এমএমএআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।