ফল ঘোষণায় অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ইসিতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা ও ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগণের মতামতকে ম্যানিপুলেশন করার চেষ্টা হলে কঠোর আন্দোলনে যাবো।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার পর নির্বাচন কমিশনে তিনি এমন মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও গভীর রাত পর্যন্ত অনেক আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। আমাদের এজেন্টদের দেওয়া শিট অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যেই ফলাফল ঘোষণার কথা ছিল। কিন্তু রাত ৪টা পর্যন্ত তা হয়নি।

তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত ফলাফলের শিট পরে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা-১৭ আসনে অন্তত ৮টি শিটে ‘ওভাররাইটিং’ করে প্রায় ৫ হাজার ভোট কমানো হয়েছে।

তার ভাষ্য, একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য এ কাজ করা হয়েছে এবং আমাদের এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি। ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন সবার ফলাফল দিতেই এ ধরনের গড়িমসি করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়েরের অভিযোগ- ঢাকা ১৫ জামায়াতের আমিরের আসনে ৩ লাখের বেশি ভোটার ও ১২৯টা সেন্টার। অনেক বড় আসনে তড়িৎ গতিতে ফলাফল দেওয়া হয়েছে, এটায় (১৫ আসনে) এখনো দেওয়া হয়নি। আরেক প্রার্থী বলছেন তিনি পাস করেছেন, যেখানে কমপক্ষে ২০ হাজারের বেশি ভোটে আমরা এগিয়ে রয়েছি।

তিনি বলেন, বিশেষ দলকে সুবিধা দিতে ইসি ও তার সঙ্গে যারা সম্পৃক্ত আছে তারা এটার সঙ্গে জড়িত। একই অবস্থা ১১ দলের অন্যান্য আসনে। সারাদেশে আসনগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। একই ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দেখতে পাচ্ছি।

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ রক্ত দিয়েছে এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য না। আমরা স্পষ্ট করে বলতে চাই এই ধরনের প্রক্রিয়া যে তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়া, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরণের কলা কলাকৌশল করা। ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এ কাজটি করছেন। আমরা ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না। দেশবাসীকে নিয়ে আমরা এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বাধ্য হবো এই ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের জনগণের মুখোমুখি করবো।

এই নেতা বলেন, বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্য অথবা আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য অন্যায়ভাবে বিজয়ী দেখানোর জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিতভাবে ফলাফল ঘোষণা দেরি করা হচ্ছে। জনগণের মতামতের প্রতি আমাদের সবসময়ই সম্মান-শ্রদ্ধা আছে। কিন্তু, জনগণের মতামতকে অন্যায়ভাবে স্বৈরাচারী কায়দায় কেড়ে নেওয়া হয়, তাহলে দেশবাসী সেটা মেনে নেবে না। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।দেশবাসী এটাকে প্রতিরোধ করবে।

এই ফলাফল প্রত্যাখান করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তাদের ব্যাখ্যা জানবো। আমরা তাদের সঙ্গে ফোনে কথা বলেছি এবং এখন সশরীরে এসেছি। আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা তাদের কোনো রকম ছাড় দেবো না। জনগণের এই মতামতকে যদি ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটা বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি নিতে হয় আমরা সেটা করবো। এছাড়া, আমরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবো।

তিনি বলেন, এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা ২০১৪, ২০১৮ ও ২০২৪-এ যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছে সেটা আপনারা জানেন। আমরা আশা করবো এই নির্বাচন কমিশনকেও যেন সেই পরিণতি ভোগ করতে না হয়।

এসএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।