ঢাকা-বগুড়ার দুই আসনেই তারেক রহমানের জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। তার চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই বেসরকারি ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের ১৫০টি কেন্দ্রে (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আ ন ম মামুনুর রশীদ (হাতপাখা) ২ হাজার ৫০৮ ভোট, বাসদ মনোনীত দিলরুবা নুরী (মই) ৭৯৫ ভোট এবং জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) ২৭৬ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি ভোট বৈধ এবং ৪ হাজার ৯৯৬টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। এই আসনে ভোট প্রদানের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ।

বিশাল ব্যবধানে এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বগুড়া-৬ আসনসহ ৭ টি সংসদীয় আসন আমাদের চেয়ারম্যানকে আমরা উপহার দিয়েছি।

দীর্ঘ দেড় দশক পর একটি বড় অংশগ্রহণমূলক নির্বাচনে বগুড়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সদর আসনের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এল.বি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।