পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ এএম, ০৯ মার্চ ২০২৬
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানার সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে দলটি।

রোববার (৮ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ শোকজ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ মার্চ সকালে আপনি দলের অনুমতি না নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আপনি দলের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন।

আরও পড়ুন
মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা

সেখানে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত মামলাটি গ্রহণ করে পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।