জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি জাতি মেনে নেবে না: মু. শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতির প্রত্যাশা অনুযায়ী জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব দেশের সচেতন জনগণ মেনে নেবে না।
শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে দলের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জামায়াতের এ নেতা বলেন, দেশে চলমান পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়।
মুহাম্মদ শাহজাহান জানান, জামায়াত সব সময় দেশের কল্যাণ, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসানুল্লাহ, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমির নুর আহমদ আনোয়ারী প্রমুখ।
এমআরএএইচ/একিউএফ