তারেক রহমান
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কার্যালয়ে আসা যাবে না
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আর কার্যালয়ে আসবেন না বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে- এমন কোনো কাজ করা যাবে না। এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সবকিছু স্বাভাবিকভাবে চলে।
তিনি আরও বলেন, ‘আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’
নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’
দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, দেশে অনেক সমস্যা আছে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
সবশেষে নেতাকর্মীদের বাঁ দিকে সরে দাঁড়িয়ে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান।
তিনি বলেন, ‘সবাই বাঁ দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারবো, না হয় পারবো না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’
কেএইচ/এনএইচআর