সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
রুহুল কবির রিজভী জানান, দুই হাজার টাকার বিনিময়ে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন। আগামী তিনদিন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি আরও বলেন, প্রার্থীদের দক্ষতা, যোগ্যতা ও অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মতো যোগ্যতা রাখেন, তাদের মধ্য থেকেই দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে।
আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতসহ জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
কেএইচ/এমকেআর