সংরক্ষিত নারী আসন নির্বাচন, তৈরি হয়েছে নীরব প্রতিযোগিতার মঞ্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি চলছে, ছবি: সংগৃহীত

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এরইমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা গেলো, নির্বাচন ঘিরে যেন তৈরি হয়েছে এক নীরব প্রতিযোগিতার মঞ্চ।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুরুতেই প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন জেরিন দেলোয়ার হোসেন। এরপর একে একে লাইনে যোগ দেন নানা পরিচয়ের মুখম কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, আলোচিত মুখ নিপুণ রায় চৌধুরী, ত্রয়োদশ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী সানজিদা তুলি।

একই ছাদের নিচে এভাবে ভিন্ন ভিন্ন পটভূমির প্রার্থীদের উপস্থিতি স্পষ্ট করে দেয়, এই লড়াই কেবল রাজনৈতিক পরিচয়ের নয়, বরং ব্যক্তিগত অবস্থান, পরিচিতি ও অতীত ভূমিকারও পরীক্ষা।

ইডেন কলেজ ছাত্রদলের সাবেক নেত্রী মুকুল মনোনয়নপত্র হাতে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরেন। জাগো নিউজকে তিনি বলেন, ‌‘লালটু-হেলাল কমিটিতে ছাত্রদলে ছিলাম, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছি। স্থানীয় পর্যায়ে আমার জনপ্রিয়তা রয়েছে। সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। যারা নির্যাতিত হয়েছেন, তাদের পাশে ছিলাম।’

অন্যদিকে, আরিফা রহমান রুমার বক্তব্যে উঠে আসে প্রতিযোগিতার ভেতরের এক ধরনের চাপা দুশ্চিন্তা। তিনি বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামে ছিলাম। আশা করি তারই ভিত্তিতে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নতুনদের ভিড়ে যেন আমরা হারিয়ে না যাই।’

দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, ‘ইনশাআল্লাহ মনোনয়ন ব্যাপারে আমি আশাবাদী।’

সকাল থেকেই নয়া পল্টনে মনোনয়নপ্রত্যাশী এবং তাদের স্বজন-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। কেউ ফরম সংগ্রহ করছেন, কেউ বা করিডরে দাঁড়িয়ে নিজেদের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।

সব মিলিয়ে, ৩৬টি আসনের বিপরীতে এই মনোনয়ন প্রক্রিয়া যেন শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দলের ভেতরে অবস্থান জানান দেওয়ার এক বড় সুযোগ। আর সেই সুযোগ হাতছাড়া না করতে, নয়া পল্টনের এই ভিড়েই লুকিয়ে আছে অসংখ্য ব্যক্তিগত স্বপ্ন ও রাজনৈতিক হিসাবের গল্প।

এই কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দক্ষতা, যোগ্যতা, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রয়েছে, সংসদে যাওয়ার মতো যোগ্যতা রাখেন, এমন ব্যক্তিদেরই দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন দেবে।

তিনি জানান, আজ থেকে আগামী তিন দিন দলীয় মনোনয়নপত্র ২০০০ টাকায় সংগ্রহ করা যাবে এবং ৫০ হাজার টাকায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ হবে ১২ মে।

কেএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।