রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত ঐক্য নয়: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৭ মে ২০২৬
হেফাজত আমিরের সান্নিধ্যে মাওলানা মামুনুল হক-ছবি সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে যেমন ছিল, এখনো তেমন রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আদর্শিক বা আকিদাগত ঐক্য নয় বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ হাদিয়া হিসেবে হেফাজত আমিরকে প্রদান করেন মামুনুল হক।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলগুলো নিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য গঠন করা হয়েছে।

jagonews24সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করেন মামুনুল হক

মামুনুল হক বলেন, আমাদের জোটে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে বর্তমান জাতীয় পরিস্থিতির প্রয়োজনেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শ অনুসরণ করে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের ওপর যে কোনো দেশীয় বা আন্তর্জাতিক আঘাতের বিরুদ্ধে সংগঠনটি অতীতের মতো ভূমিকা রাখবে।

এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরী, মাহফুজুল হক, জসিমউদ্দীন, আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।

এমআরএএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।