কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম
সদ্য প্রয়াত কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতাদের অনেকেই অংশ নেবেন।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এসব তথ্য জানান।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে বলেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রোববার) তার জানাজা এবং সোমবার মরদহ দাফন হবে। প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে), দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ), তৃতীয় জানাজা রাত ১০টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)। সবাইকে যার যার সুবিধা অনুযায়ী জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষত রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সব সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবো।
এর আগে, গত শুক্রবার দিনগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।
এনএস/এমআইএইচএস