চোরাগোপ্তা হামলায় আন্দোলন করা যায় না : হানিফ


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৫

সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু আন্দোলন করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা বন্ধ না করলে জনগণ বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করবে।

বিএনপির ডাকা অবরোধ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া অবরুদ্ধ হওয়ার নাটক করে গোটা জাতিকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন। আমরা বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নির্বিঘ্নে অংশগ্রহণের জন্য ‘অযৌক্তিক’ অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়েছিলাম। তারা অবরোধ প্রত্যাহার করেনি। অবরোধ প্রত্যাহার না করে তারা প্রমাণ করেছে বিএনপি মুখে ধর্মের কথা বললেও, ধর্মের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই।

খালেদার সঙ্গে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহের ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের ফোনালাপ হয়নি। বরং খালেদার অফিস থেকে অমিত শাহর অফিসে ফোনে দু’বার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফোন নষ্ট থাকায় খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের কোনো কথা হয়নি।

বিএনপি মার্কিন কংগ্রেসম্যানদের নামে ‘মিথ্যা বিবৃতি’ দিয়েছে অভিযোগ করে হানিফ বলেন, বিদেশীদের মন্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ ধরনের মিথ্যা প্রচারণা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমি ভারতীয় হাইকমিশনে নিজে কথা বলেছি, অমিত শাহ তো ফোন করেননি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।