বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে : ১৪ দল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঢাকা মহানগর ১৪-দলের নেতারা বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াতের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। এবার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাবার পালা।
রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন পিকিং গার্ডেনে ঢাকা মহানগর ১৪-দলের এক সভায় তারা এ কথা বলেন। জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এ সভার আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ূয়া বলেন, বিএনপির চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে। এখন আর দেশে কোনো সংকট নেই। শুধু সন্ত্রাসের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।
ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পেট্রোল বোমায় মানুষ হত্যা করবেন, আর আমরা আপনার সঙ্গে আলোচনা করবো এটা চিন্তা করাও আপনার মহাপাপ। আপনার সঙ্গে আলোচনা হবে না। পাপের শাস্তি আপনি পাবেনই। ঢাকা পাহারা দিতে আমরা কমিটি করছি। কোথাও কোনো পেট্রোল বোমা মারলে তাকে ধরে পুলিশে দেবো।
প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার কার্যালয়ে থেকে ফিরে আসার বিষয়ে তিনি বলেন, ওনারা আসলে বেয়াদব। সম্মান দিতেও জানে না, নিতেও জানে না।
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, সংলাপকে লাথি মারি। এটা শুধু ব্যারিস্টার রফিকুল হকের নয়, সব মানুষের কথা। আসুন, আমরা দীপ্ত পদভারে এগিয়ে যাই। তাদের সঙ্গে কোনো আপোস বা আলোচনার প্রশ্নই ওঠে না। এদের প্রতিরোধ করতে হবে।
তিনি আরো বলেন, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ক্রমান্বয়ে আরো ঘুরে দাঁড়াবে। পেশাজীবীদের গতকালের (শনিবার) মিছিল দেখে আমি বলতে পারি মিছিল আরো বড় হবে। এই সমস্ত সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার, আমরা সেটাই নেব। এ ব্যাপরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার কার্যালয়ে থেকে ফিরে আসার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে যা শোভন, তিনি সে কাজই করেছেন।
সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম-সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক শাহে আলম মুরাদ প্রমুখ।
আরএস