প্রধানমন্ত্রীকে সম্মান না দেখানো সঠিক হয়নি : মওদুদ
সমবেদনা জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মওদুদ আহমদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন। তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউ তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।
মওদুদ আহমদ আরো বলেন, তাঁর (খালেদা জিয়া) দরজা বন্ধ থাকার কারণে প্রধানমন্ত্রীর আসার কথাও তাকে বলা সম্ভবপর হয়নি। সিনিয়র সব নেতার মতামতের বাইরে মূল গেট আগে থেকে তালাবদ্ধ ছিল। তা আমাদের জানা ছিল না।
এর আগে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়া উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গতকাল শনিবার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত ৮টা ১৯ মিনিটে গণভবন থেকে রওনা হয়ে রাত ৮টা ৩৫মিনিটে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর।
তবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ভেতর থেকে ফটকে তালা দেওয়া ও খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় প্রধানমন্ত্রী ঢুকতে না পেরে ফের গণভবনে ফিরে যান।
আরএস