কূটনৈতিক ইস্যুতে বিএনপি শিবিরে উল্লাস


প্রকাশিত: ০২:২৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

গত ৫ জানুয়ারি থেকে দেশে চলমান রাজনৈতিক সংকটে জাতিসংঘসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। এই সংকট সমাধানে সবাই উভয়পক্ষকে সংলাপের তাগিদ দিচ্ছে। তবে এক্ষেত্রে বিএনপি ও আওয়ামী লীগ শিবিরে ভিন্ন অবস্থান লক্ষ্য করা গেছে।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগকে স্বাগত জানানো হলেও সরকার বারবার এই প্রক্রিয়াকে গুরুত্ব না দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে সরকার গুরুত্ব না দিলেও বিএনপি শিবিরে উল্লাস লক্ষ্য করা গেছে।

সূত্র জানায়, জাতিসংঘ কর্তৃক দেশের প্রধান দুই নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চলমান সংকট সমাধানের আহবান করার পর বান কি মুনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির নেতারা মনে করছেন জাতিসংঘসহ বিভিন্ন দেশের এই উদ্যোগ তাদের প্রাথমিক সফলতা।

বিএনপির কয়েকজন নেতা মনে করছেন জাতিসংঘের সদস্য দেশ হিসেবে সংকটে পাশে এসে দাঁড়ানো তাদের দায়িত্ব। গণতন্ত্রকামী সব দেশকে এই সংকট সমাধানে এগিয়ে আসারও আহবান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিএনপির দাবি, ২০১৪ সালে ৫ জানুয়ারি নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে আওয়ামী লীগ দেশের ১৬ কোটি জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। সেই নির্বাচনে ৫ শতাংশ ভোট জনগণ দিতে পারেননি দাবি করে বিএনপি সরকারকে এক বছর মধ্যবর্তী নির্বাচনের কথা বলে আসছে। পরবর্তীতে সরকার সাড়া না দেয়ার অভিযোগ এনে গত ৫ জানুয়ারি থেকে দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থায় নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘসহ সকল পক্ষের অর্থবহ সংলাপের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কায়দায় প্রসহনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এখন বাংলাদেশের স্বাধীনভূমি চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়। সরকারের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না।

এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো শিগগিরই আবার সংলাপের উদ্যোগ নিয়ে বাংলাদেশে আসবেন আশাবাদ ব্যক্ত করে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য জাগো নিউজকে জানিয়েছেন, সংলাপের কাজে তাকে সহযোগিতার জন্য বিএনপিকে চিঠি দেয়া হয়েছে।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান জানিয়েছেন, চলমান সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুই নেত্রীকে চিঠি দিয়েছেন। এটা নিয়ে অন্য কিছু ভাববার কোনো অবকাশ নেই। বিশ্বের সমস্যা সমাধানের দায়িত্ব তাদের। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য। জাতিসংঘের শান্তি মিশনেও বাংলাদেশের অনেক ভূমিকা রয়েছে। তাই তাদেরকে এগিয়ে আসতেই হবে।

জাতিসংঘের সংলাপের উদ্যোগ বিএনপির আন্দোলনের সফল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এটা আমাদের আন্দোলনের ফসল। বাংলাদেশের কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন আমাদের আন্দোলনের মধ্যে। দেশের সব শ্রেণির মানুষ বিএনপির চলমান আন্দোলনের সঙ্গে রয়েছেন বলেও তিনি দাবি করেন।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।