মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগে নতুন হিসাব!


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৮ মার্চ ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় সমর্থন নিয়ে নতুন হিসাব কষছেন ক্ষমতাসীম আওয়ামী লীগ। উত্তরে আনিসুল হক এবং দক্ষিণে সাঈদ খোকনকে দলীয় সমর্থনের কথা জানানো হলেও নতুন করে ভাবতে হচ্ছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জাগো নিউজ এমন তথ্য পেয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ।

সূত্র বলছে, ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায় থেকে তাদের নাম ঘোষণা করে সরাসরি প্রস্তুতি নিতে বলা হলেও এ ব্যাপারে অসন্তোষ আছে মহানগর আওয়ামী লীগের একটি অংশে। ফলে শেষ পর্যন্ত বদলে যেতে পারে হিসাব-নিকাশ। এমনও শোনা যাচ্ছে, আওয়ামী লীগ কোন দলীয় সমর্থন দেওয়া থেকেও সরে আসতে পারে। তবে এটি নির্ভর করছে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে কিনা তার ওপরে।

আনিসুল হক ও সাঈদ খোকন ছাড়াও মহানগর আওয়ামী লীগের দুই নেতা ও দলীয় সাংসদ মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। মহানগর নেতাদের অসন্তোষের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানেও পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দলীয় উচ্চপর্যায় মেয়র পদে প্রার্থী পরিবর্তনের চিন্তা-ভাবনা চলছে, প্রার্থী খোঁজা হচ্ছে বলেও জানা গেছে। বিকল্প ও উপযুক্ত প্রার্থী পেলে পরিবর্তনের সম্ভাবনা আছে। তবে তার আগে প্রধানমন্ত্রী মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন।

আলোচনা চলছে, সাঈদ খোকন ঋণখেলাপি। তার প্রার্থী হতে আইনগত সমস্যা হতে পারে। আবার আনিসুল হকের ব্যাপারেও নগর নেতাদের আপত্তি আছে অনেকের।

গত ২৬ ফেব্রুয়ারি আনিসুল হক এবং সাঈদ খোকন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তারা সংবাদমাধ্যমে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার কথা স্বীকার করেন। তবে এ সমর্থন দেওয়ার ক্ষেত্রে দলের কোনো পর্যায়ে আলোচনা বা কথাবার্তা হয়নি। মহানগর নেতাদের সঙ্গেও আলোচনা হয়নি বলে জানা গেছে।

হঠাৎ এ দু`জনকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম সংসদ সদস্যপদ ছেড়ে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনিসুল হক ও সাঈদ খোকন প্রচারে নেমে পড়েছেন। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে তাদের ব্যানার, বিলবোর্ডসহ নানা রকম প্রচার দেখা যাচ্ছে।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।