অগ্রগতি থামাতে বহুমূখী ষড়যন্ত্র চলছে : দিলীপ বড়ুয়া


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ মার্চ ২০১৫

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেছেন, দেশের অগ্রগতি থামিয়ে দিতে দেশি-বিদেশি বহুমূখী ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে সাম্যবাদী দল আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রদায়িকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দিলীপ  বড়ুয়া বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, হরতাল অবরোধ করে, ককটেল মেরে, পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে কোনোভাবেই দেশের অগ্রগতি থামিয়ে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা যাবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিজামী, বাচ্চু রাজাকার সাঈদীসহ যুদ্ধাপরাধীদের বিচার করছে তখন খালেদা জিয়া তাদেরকে এবং তার দুর্নীতিবাজ ছেলেকে বাঁচানোর জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছেন।

তিনি আরো বলেন, যখন বিশ্বের বুকে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠছে, বিশ্বের বুকে বাংলাদেশ উন্নতির স্বীকৃতি পাচ্ছে ঠিক তখন বিএনপি জোট হরতাল অবরোধ করে মানুষ পুড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, হরতাল-অবরোধ অগ্নিসংযোগের যে রাজনীতি তার গ্রহণযোগ্যতা জনগণের মাঝে নেই। তারপরও তারা এই ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, এম.এল এর কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বিরেন সাহা প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।