বুধবার হরতাল নয়, দেশব্যাপী বিক্ষোভ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৫

লাগাতার অবরোধ থাকলেও বুধবার হরতাল আহ্বান করেনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে বুধবার দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জোট। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের মুখপাত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এ ঘোষণা দেন।

জানা গেছে, বুধবার সকাল ৬টায় চলমান ৭২ ঘণ্টার হরতাল শেষ হলেও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের কারণে হরতাল বাড়ায়নি ২০ দল।

বিবৃতিতে বরকতউল্লাহ বুলু বলেন, বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ সারা দেশে ২০ দলীয় জোটের সকল গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং হত্যা, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২৫শে মার্চ বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ করা হলো।

এছাড়া আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভুত সকল শরিক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য অনুরোধ করা হলো।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।