ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে হরতাল : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল হচ্ছে গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কার্যকর হাতিয়ার। কিন্তু অতি ব্যবহারে, অপপ্রয়োগে মাধ্যমে হরতাল-অবরোধকে বিএনপি একটি অকার্যকর ও ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ’র উদ্যোগে গণসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বালেন, মানুষ হত্যা করে কখনো গণআন্দোলন হয় না। বিএনপির নেতৃত্ব ২০ দলীয় জোট সারাদেশে হরতাল-অবরোধের নামে যেভাবে গণহত্যা চালাচ্ছে তাতে তারা গণ বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
আরএস/আরআই