বাঙালির সুমহান ইতিহাস মুছে ফেলা যাবে না : নূর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াতের কাছে বাঙালি সংস্কৃতি নিরাপদ নয়। তারা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে মুছে ফেলতে চায়। এমনকি মুক্তিযুদ্ধের চেতনাও মুছে ফেলার জন্য দীর্ঘসময় থেকে ষড়যন্ত্র করছে তারা। কিন্তু বাঙালির সুমহান ইতিহাস মুছে ফেলা যাবে না।
রোববার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ি মাঠে বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দিনব্যাপী ১২তম বাংলা লোকনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উৎসবের প্রধান সমন্বয়কারী কাজী সাঈদ হোসেন দুলাল।
রাজবাড়ির বিভিন্ন পুরাকীর্তি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার পুঠিয়ার পুরার্কীতি সংস্কার ও সংরক্ষণের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশ ধ্বংসের রাজনীতিতে মেতে উঠেছে।
উৎসবের প্রথম দিন ঐতিহ্যবাহী লাঠি খেলা, মঙ্গল শোভাযাত্রা, নৃত্যনাট্য, গম্ভীরা, কুষ্টিয়ার শিল্পীদের লালনের গান, গ্রাম থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় নাটক পরিবেশিত হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নাট্যকার সেলিম আল-দ্বীনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সেলিম আল-দ্বীন লোকনাট্য স্মারক প্রদান করা হয় কুষ্টিয়ার নাট্যকার আলী আফরোজ পিনু ও রাজশাহীর নাট্যকার তাজুল ইসলামকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা, নওগাঁর আত্রাই-রাণীনগর আসনের সাংসদ ইসরাফিল আলম।
আরএস/আরআই