গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে: সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন হয়েছে। বিএনপির বিরুদ্ধে ২৫ মাস আন্দোলনের পর তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার পর প্রায় এক দশক ধরে আন্দোলন হয়েছে। বর্তমান সরকার যদি মনে করে বাস্তবায়ন না করেও পার পেয়ে যাবে, তাহলে বিষয়টি মোটেও সেরকম নয়।
তিনি আরও বলেন, আমরা এখনই রাজপথে যেতে চাচ্ছি না। সভা-সেমিনারের মাধ্যমে সংগঠনকে প্রস্তুত করছি। মিডিয়ার মাধ্যমে আমাদের বার্তা সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণও বলছে, এই রায় আদায় করে নিতেই হবে। ধাপে ধাপে আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাবে।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার যদি সহজেই রায় মেনে নেয় তাহলে ভালো। আর যদি না নেয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে জনগণের রায় মেনে নিতে।
টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস