ইশতেহার ঘোষণা : প্রশ্নবাণে জর্জরিত তাবিথ


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৬ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতিহারে তাবিথ নগরের বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোডে অবস্থিত একটি ভবনে ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

নির্বাচন উপলক্ষে যে ইশতেহার ঘোষণা করেছেন সেটা বাস্তবায়ন করতে হলে অনেক অর্থের প্রয়োজন। এটা কীভাবে সমন্বয় করবেন?

তাবিথ বলেন, ঢাকা সিটির জন্য প্রতিবছর দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও মাত্র ৮`শ কোটি টাকা নিজস্ব আয় রয়েছে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। ব্যবসা করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই সব অভিজ্ঞতা আমি কাছে লাগাতে চাই। এক্ষেত্রে আয় বাড়ানো অনেক পদ্ধতি আমি অবলম্বন করবো।

আপনি যে জোট সমর্থিত প্রার্থী তার বিপরীত মেরুতে সরকারের অবস্থান। তাহলে কীভাবে নগরের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, মেয়র হলে সরকারে সহযোগিতা অবশ্যই চাইবো। তবে ২৮ এপ্রিল নিরপেক্ষ ভোট হলে যে জোয়ার হবে সেই গণজোয়ার দেখে সরকার তাকে সহযোগিতা করতে বাধ্য হবেন।

নির্বাচনের সময় বস্তির শিশুদেরকে কোলে নিয়ে আদর করছেন, এটা কি আপনার নির্বাচনী কৌশল? এ রকম প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছোটবেলা থেকে বস্তিতে ও রাজধানীর বিভিন্ন অলিতে-গলিতে ফুটবল খেলেছি। নিন্ম শ্রেণী থেকে শুরু করে উচ্চবিত্তদের সঙ্গে আমার মেলামেশার সুযেগা হয়েছে। ভবিষ্যতেও আমি সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।

মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনার অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আমি সন্মান করি। তবে তাদেরকে নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। অনেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি করে। কিন্তু বিষয়টি রাজনীতির বাইরে রাখা উচিত। সিটি নির্বাচনে নগরবাসীদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

মেয়র হলে দলীয় লোকজন টেন্ডারবাজি ছাড়াও অনিয়ম করে অনেক কিছু করে। আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে মেয়র হওয়ার পর আপনার লোকেরা এমন কাজ করবেন না?

জবাবে তাবিখ আউয়াল বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তো কোনো কার্যালয়ই নেই। সেখানে টেন্ডারবাজি-চাঁদাবাজি করবে কীভাবে? টেন্ডারগুলো এখন অনলাইনেই সম্পন্ন করা হয়। আর এসব কাজগুলো সিটি কর্পোরেশন থেকে নিয়ন্ত্রিত নয়।

এমএম/এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।