তৃতীয় দিনেও নির্বাচনী প্রচারে খালেদা
তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। বিকেল ৫টার সময় তিনি বনানী এলাকায় অবস্থান করেন। এরপর ৫টা ২০ মিনিটে তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থান করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
তবে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ করার কথা শোনা গেলেও কোন এলাকায় বিএনপির চেয়ারপারসন প্রচার চালাবেন সে বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং নিশ্চিত করতে পারেননি।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পােরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি।
শনিবার রাজধানীর গুলশান, বাড্ডা ও তেজগাঁও এলাকা এবং রোববার উত্তরাতে প্রচার চালিয়েছিলেন খালেদা জিয়া।
উল্লেখ্য, খালেদা জিয়ার দায়িত্বে নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য আজকের প্রচারে নেই। তবে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সিএসএফ সদস্যরাই তাকে নিরাপত্তা দিচ্ছেন।
এমএম/বিএ/এমএস