জামায়াতের চাপে তাবিথের পক্ষে বিএনপি : হাছান মাহমুদ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিথ আউয়ালকে জামায়াতে ইসলামীর চাপে বিএনপি সমর্থন দিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ ভবনে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জামায়াতে চাপে ও আবদুল আউয়াল মিন্টুর টাকার কাছে নতি স্বীকার করে খালেদা জিয়া তাবিথের মতো নাবালকের পক্ষে ভোট চাইছেন। বিএনপি নেতা ও ২০ দলীয় জোটের শরিকরা ঢাকা উত্তরের মেয়র পদে মাহী বদরুদ্দোজা চৌধুরীকে সমর্থন করতে চেয়েছে। কিন্তু তাবিথ আওয়ালের শ্বশুর জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য। তাই জামায়াতের চাপে খালেদা জিয়া তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছেন।
তাবিথের পক্ষে বাস প্রতীকে খালেদা জিয়ার ভোট চাওয়ার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, যে বাস পুড়িয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করেছেন, সেই বাস প্রতীকে এখন তিনি ভোট চাইছেন। নির্বাচনের পরে তিনি আবারও এ ধরণের জ্বালাও-পোড়াও করতে পারেন।
হাছান মাহমুদ আরও বলেন, আবদুল আউয়াল মিন্টুর টাকায় খালেদা জিয়া গত তিন মাস গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। তিনি (খালেদা) যদি শুরুতে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নামতেন আমরা বুঝতে পারতাম মহানগর আহ্বায়কের পক্ষে নেমেছেন।
স্বাধীনতা পরিষদের সভাপতি জিনাত আলী জিন্নাহর সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরএস/এমএস