বর্ষবরণে শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মানববন্ধন


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২০ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে বর্ষবরণ করতে আসা তরুণীরা শ্লীলতাহানির শিকার হওয়ার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রাজু ভাস্কর্য হয়ে অপরাজেয় বাংলা পর্যন্ত আয়োজিত এ মানববন্ধনে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেন। বেলা ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন বেলা ১২টার দিকে রাজু ভাস্কর্র্যের পাদদেশে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক এই ঘটনার প্রতিবাদে প্রক্টরের অপসারণ, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাসস্থান-শিক্ষাঙ্গণ-কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চতকরণসহ ছয় দফা দাবি উত্থাপন করেন। এছাড়া মঙ্গলবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশেরও ঘোষণা করা হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, হোম ইকোনোমিক্স কলেজ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।