নির্বাচিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করবেন ক্বাফী
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সিপিবি-বাসদসহ বাম-প্রগতিশীলদের সমর্থিত ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলন`র মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী।
বুধবার সকাল থেকে বনশ্রীতে গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন তিনি।
ক্বাফী বলেন, ঢাকা শহরের প্রায় ৮৩ ভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকেন। অনিয়ন্ত্রিতভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি ঢাকাবাসীর অন্যতম সমস্যা। দফায় দফায় বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে অধিকাংশ ঢাকাবাসী নাকাল।
তিনি বলেন, নানা অজুহাতে প্রতি বছর দফায় দফায় বাড়ি ভাড়া বাড়ানো হয়। যারা নিম্ন আয়ের মানুষ তাদের বেতনের মূল অংশ ব্যয় হয় বাড়ি ভাড়ার পেছনে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯৫ বাস্তবায়ন করে অধিকাংশ উত্তর ঢাকাবাসীর জীবনে স্বস্তি আনা হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরা হবে।
ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান এই মেয়র প্রার্থী।
এছাড়াও ক্বাফী রায়েরবাজার, জাফরাবাদ, শংকর এলাকায় সারাদিন প্রচারণা ও গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী ডা. মনিরুল আহসান জুয়েল, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, শ্রমিকনেতা আসলাম খান, যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেল প্রমুখ।
একে/আরআইপি