খালেদাকে হত্যায় উন্মাদ সরকারের সমর্থনকারী : খন্দকার মাহবুব


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য সরকারের সমর্থনকারীরা উন্মাদ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিন দিন নির্বাচনী প্রচার কাজে বের হয়েছেন। এই তিন দিনই তাকে হত্যার প্রচেষ্টা হয়েছে। তাদের এই অগণতান্ত্রিক আচরণের ফলে বিএনপির আগে যা ভোট ছিল তার চেয়ে তিনগুন বেড়েছে।
 
খোন্দকার মাহবুব বলেন, সরকারের সোনার ছেলেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে তারা বলছে আপনারা ভোট কেন্দ্রে গেলে আর ফিরে আসতে পারবেন না।

তিনি আরও বলেন, আমরা সিটি নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দেব এই সরকারের মাধ্যমে স্থানীয় বা যে কোনও নির্বাচনই হোক সুষ্ঠু হতে পারে না।

তিনি বলেন, সারা দেশের মানুষ নির্বাচনে সেনাবাহিনী চায়। নির্বাচন সুষ্ঠু করতে হলে কেন্দ্রে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্বের ইতিহাস আমাদের জানা আছে। তাদের ওপর আমাদের কোনও আস্তা নেই।

সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে হারলে ক্ষমতাশীন দলের অনেক মন্ত্রীর পদ হারিয়ে যাবে। তাই মন্ত্রীরা জনসভায় বলেন, কেমন করে নির্বাচনে জিততে হয় তা আমাদের জানা আছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।