বিধি ভেঙে মসজিদে ভোট চাইলেন সাঈদ খোকন


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৪ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লীদের কাছে ভোট চাইলেন। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের মিনারের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের কাছে ভোট ও দোয়া চান তিনি।

সাঈদ খোকন তার বক্তব্যে বলেন, আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মেয়র হলে মসজিদের উন্নয়নে যা যা করা দরকার, তাই করব। আমার পিতা এ মসজিদে নামাজ পড়েছেন। তার জানাজার নামাজও এ মসজিদে হয়েছে। আমার নানা ঢাকার শেষ ‘সরদার’ মাজেদ সরদারও এ মসজিদে নামাজ পড়েছেন। আমি নির্বাচিত হলে এ মসজিদের উন্নয়নে যা যা করা দরকার সব করব।

এসময় ইলিশ মাছ প্রতীকে ভোট দিতে তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

এছাড়া নামাজ শেষে মোনাজাতের সময় বায়তুল মোকাররম মসজিদের ইমামও সাঈদ খোকনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

সাঈদ খোকনের সঙ্গে এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিটি কর্পোরেশন নির্বাচনের ১২ ধারায় ‘ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ’ বিধিতে বলা আছে- ‘কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।’

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।