রাজধানীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে : জয়
ঢাকার দুই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই জয়ী হতে চলছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। রাজধানীর নগরবাসীর ওপর চালানো এক জরিপের ফল দেখিয়ে তিনি এ কথা বলেন। সোমবার নিজের ফেইসবুক পাতায় ‘প্রায় নির্ভুল’ওই জরিপের ফলাফল তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগ সভাপতির তথ্যসেল সিআরআই ও সুচিন্তা ফাউন্ডেশনের তৈরি করা প্রশ্ন ও গবেষণা পদ্ধতি ধরে ‘ফোর্স এন ফোকাস লিমিটেড’ এই জরিপটি চালিয়েছে।
জরিপ বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন করছেন। বিপরীতে বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালকে পছন্দ করছেন ৩৩ শতাংশ।
ঢাকা দক্ষিণে ৪৯ শতাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনকে সমর্থন করছেন বলে জরিপের তথ্য। এর বিপরীতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ৪৩ শতাংশ ভোটার।
জরিপে ঢাকা উত্তরে ৮ শতাংশ ভোটার বিকল্পধারার মাহী বি চৌধুরী এবং ঢাকা দক্ষিণে ৪ শতাংশ ভোটার জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলনের পক্ষে বলে উঠে এসেছে।
জরিপে আরও এসেছে, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঢাকা উত্তরে ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়। বিপরীতে বিএনপির উপর আস্থাশীল ৩৯ শতাংশ।
এএইচ/আরআইপি