দুলাভাইয়ের কাছে শ্যালকের পরাজয়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শ্যালক সলিমুল্লাহ সলুকে পরাজিত করে ‘প্রতিশোধ’ নিলেন দুলাভাই নুরুল ইসলাম রতন। বেসরকারি ফলাফল অনুযায়ী সলু ঘুড়ি প্রতীকে ভোট পেয়েছেন চার হাজার ৮৭২টি। আর রতন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৫৭০ ভোট।
সর্বশেষ আট বছর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সলু তার দুলাভাই রতনকে পরাজিত করে ওই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সলিমুল্ল্যাহ সলুকে সমর্থন দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। আর দলের কোনো পদে না থেকেও আওয়ামী লীগের সমর্থন চান রতন। না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
সলুর বাবা হাজী চিনু মিয়া মোহাম্মদপুরের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ষাটের দশক থেকে তিনি দীর্ঘদিন ওই এলাকার চেয়ারম্যান ও পরে ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সলিমুল্ল্যাহ সলু ও নুরুল ইসলাম রতন ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে রতন বিজয়ী হন। মেয়াদ শেষে ফের নির্বাচন হলে ওই নির্বাচনে সলু নির্বাচিত হলে রতন সপরিবারে আমেরিকায় চলে যান। এবারের নির্বাচনে অংশ নেওয়ার জন্য সম্প্রতি তিনি দেশে ফিরে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিজয়ী হওয়ার পর নুরুল ইসলাম রতন এলাকার নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়নে মনোযোগী হওয়ার কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থন না পেলেও দলীয় কর্মী, সমর্থক ও এলাকাবাসী আমাকে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। তাদের সে বিশ্বাসের মূল্য আমি দেব।
এআরএস/আরআইপি