জিয়ার মাজার ভাঙচুরের ঘটনায় আটক ৪


প্রকাশিত: ১০:২৯ এএম, ৩০ এপ্রিল ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর করার ঘটনায় ৪ জনকে আটক করে নিয়ে গেছে শেরে বাংলানগর থানা পুলিশ।

তবে পুলিশের দাবি আটক নয়, জিজ্ঞাসাবাদ করতেই মূলত ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যদি মনে হয় তারা জড়িত তবেই তাদের আটক করা হবে নইলে ছেড়ে দেয়া হবে। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গনেশ বিশ্বাস।

তিনি জানান, বুধবার রাতে কে বা কারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর করেছে। খবর পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা জড়িত থাকতে পারে তা জানতে ৪ জনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনার রহস্য উদ্ঘাটনের স্বার্থে এ মুহূর্তে আটকদের নাম প্রকাশ করা যাবে না বলে জানান তিনি।

এর আগে বুধবার রাতে শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের মূল নকশার ভেতরের বেষ্টনীর বেশ কয়েকটি মার্বেল পাথর ভাঙচুর করে দুর্বৃত্তরা।

জেইউ/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।