বিএনপি কখনোই দায়িত্বশীল রাজনীতির পরিচয় দিতে পারেনি


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি নির্বাচন বর্জন করে দায়িত্বহীনতা ও অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক সংগঠন সহস্র নাগরিক কমিটি’র আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সহস্র নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনোত্তর এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ শামসুল হক বলেন, গত ২৮ এপ্রিল তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পর বিএনপি নির্বাচন বর্জন করায় পুরো জাতি বিস্মিত হয়েছে। তারা এ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে দায়িত্বহীনতা ও অদূরদর্শিতার প্রমাণ দিয়েছে। ভোট গ্রহণ শুরুর চার ঘণ্টার ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল পরিমাণ ভোট পেয়েছে। তারা নির্বাচন বর্জন না করলে নির্বাচনে বিজয়ী হওয়া তাদের জন্য অসম্ভব ছিল না।

মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বিএনপি সদ্য সমাপ্ত তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে রাজনৈতিক ফাঁদ হিসেবে গ্রহণ করেছিল। জয়ী হলে তারা বলত সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। আর পরাজিত হলে বলত ক্ষমতাসীন সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত তাদের আগে থেকেই ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্যতম প্রার্থীরাই বিজয়ী হয়েছে।

নির্বাচন পরবর্তী কোন সহিংসতা না ঘটাকে সরকারের বড় সফলতা বলে উল্লেখ করে নির্বাচন চলাকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

এএসএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।