ভোট কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ বিএনপির
ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্স ভর্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপির দাবি, রিটার্নিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তারা সরকার সমর্থিত প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী করার লক্ষ্যে কাজ করেছেন।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান।
রিপন বলেন, ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক ভোট জালিয়াতি ও ব্যাপক অনিয়মের কারণে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচন বর্জন করেছেন।
তিনি বলেন, নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনে ভোট কারচুপিসহ যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তা স্থানীয় সরকার ব্যবস্থার ওপর চরম হুমকি। এ ধরনের ন্যাক্করজনক ঘটনায় স্থানীয় জনগণ ও দেশবাসী উদ্বিগ্ন ও হতাশ। বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হতে পারে না নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনের মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হলো।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট ডাকাতির দ্বারা সরকার সমর্থিত প্রার্থীদের সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচিত করার অপকৌশল একটি স্বাধীন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে।
এমএম/বিএ/আরআইপি