পিন্টুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি
সদ্য প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৬টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ে পিন্টুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ এ দাবি জানান।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা বিএনপি প্রত্যাখ্যান করছে। প্রয়োজন হলে বিএনপির পক্ষে থেকেও তদন্ত কমিটি গঠন করা হবে।
হান্নান শাহ বলেন, এই সরকারের সময় পিন্টুর মৃত্যুসহ বিএনপির যে সব নেতা গুম-খুন হয়েছেন তা স্মরণ রাখতে চাই। সময় হলে সরকারকে এর জবাব দেয়া হবে।
বিএনপিরর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, শুনেছি জাতিসংঘ দুই নেত্রীকে একত্রে বসার পদক্ষেপ নিয়েছে। জতিসংঘ সত্যিকারার্থে এরকম পদক্ষেপ নিলে বর্তমান রাজনৈতিক সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট এর সভাপতিত্বে বিএনপিসহ স্বেচ্ছাসেবক বিয়ষক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাবেদ হাসান স্বাধীন প্রমূখ বক্তব্য রাখেন।
বিএনপি নেতা পিন্টু বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এছাড়া অবৈধ অস্ত্র লুণ্ঠনের মামলায় ঢাকার একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। গত ৩ মে রোববার দুপুর ১২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
এমএম/আরএস/আরআইপি