আস্থা ভোটে আরও বড় জয় বিজয়ের, বিপক্ষে মাত্র ২২ জন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৩ মে ২০২৬
শপথ অনুষ্ঠানে বিজয়ের পাশে রাহুল গান্ধী/ ছবি: এক্স@রাহুল গান্ধী

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়ে নিজের অবস্থান আরও সুসংহত করলেন তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা বিজয়। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় নাটকীয় এক আস্থা ভোটে বড় ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পদ নিশ্চিত করেছেন তিনি। তবে বিজয়ের এই জয়ের চেয়েও বড় আলোচনা তৈরি করেছে প্রধান বিরোধী দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙন।

২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের পক্ষে ভোট পড়েছে ১৪৪টি। বিপরীতে বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২২ জন। ভোটদানে বিরত ছিলেন পাঁচজন বিধায়ক। ডিএমকের ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন।

আরও পড়ুন>>
মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের নির্দেশ, ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি
২৯ বছর বয়সেই মন্ত্রী, বিজয়ের দলে কে এই তরুণী?
তামিলনাড়ুতে ৭০০’রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৮টি আসনের প্রয়োজন হলেও বিজয়ের দল টিভিকে পেয়েছিল ১০৮টি আসন। বুধবার আস্থা ভোটে নিজের দলের ১০৫ জন বিধায়কের (স্পিকার ও পদত্যাগজনিত কারণে তিনটি কম) পাশাপাশি কংগ্রেস, বামফ্রন্ট, ভিসিকে এবং মুসলিম লীগের পূর্ণ সমর্থন পান তিনি। এ ছাড়া আম্মা মক্কাল মুন্নেত্র কাজগামের একমাত্র বিধায়কও বিজয়কে সমর্থন জানান।

আস্থা ভোটে জয়ের পর এক প্রতিক্রিয়ায় বিজয় বলেন, সিনেমার জগত থেকে রাজনীতিতে আসার যে পথ তিনি বেছে নিয়েছিলেন, আজ তা পূর্ণতা পেল। তিনি বলেন, ‘হুইসেল (দলের প্রতীক) আজ ইতিহাস বদলে দিয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকের এই ভাঙন দলটিকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিল। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর থেকেই দলটি অন্তর্কোন্দলে জর্জরিত ছিল, যা আজকের ভোটে চূড়ান্ত রূপ নিল। অন্যদিকে, বিজেপি ও পিএমকের বিধায়করা নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বিজয়ের জন্য পথ আরও প্রশস্ত হয়।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।