স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
সদ্য অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। কেন্দ্রগুলোর ভোটগ্রহণের পরই জানা যাবে ৮ নম্বর, ৩৪ নম্বর ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কারা হচ্ছেন।
গত ২৮ এপ্রিল ডিএসসিসি নির্বাচনে অনিয়মের কারণে ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১), ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) ও ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা।
ইসির প্রকাশিত গেজেট থেকে জানা গেছে, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১) ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন দুই হাজার ২৮৩ জন। সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (কেন্দ্র নম্বর-২) ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২২৮ জন। এছাড়া জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নম্বর-৩) ভোটকেন্দ্রের মোট ভোটার এক হাজার ৮১৫ জন।
৮ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৩৪ নম্বর ওয়ার্ডে আট জন ও ৫৩ নম্বর ওয়ার্ডে ১০ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন কেন্দ্রের এ নির্বাচনে সরকারি পরিচালক পর্যায়ের তিন কর্মকর্তাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।
এইচএস/এআরএস/এমএস